আন্তর্জাতিক, অন্যান্য

ইসরায়েলজুড়ে একের পর এক গাড়িতে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্য ইসরায়েলের অর আকিভা নামক এলাকার কাছে একটি ভয়াবহ গাড়ি বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বা অ্যাসাসিনেশন হিসেবে ধারণা করছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি ইসরায়েলে দ্বিতীয় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা।

স্থানীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানায়, মঙ্গলবার রাত ৮:০৪ মিনিটে রুট ২-এর অর আকিভা ইন্টারচেঞ্জের কাছে একটি চলন্ত গাড়ি বিস্ফোরিত হওয়ার খবর পায় তারা। দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী ও চিকিৎসক দল পাঠানো হয়।


ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসকরা গাড়ির ভেতরে থাকা চালককে মারাত্মকভাবে দগ্ধ ও একাধিক অঙ্গে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করেন। তবে অলৌকিক কিছুর আর অবকাশ ছিল না; চিকিৎসকরা তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।


ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকারী দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের ফলে রাস্তার পাশে ছড়িয়ে পড়া একটি ছোটখাটো ঝোপঝাড়ের আগুনও নিভিয়ে ফেলা হয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের একটি বিশেষ তদন্তকারী দল কাজ শুরু করেছে।


ইসরায়েল পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, আন্ডারওয়ার্ল্ড বা অপরাধী চক্রগুলোর মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও গ্যাং ওয়ারের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।


এর আগে, মঙ্গলবার সকালেই উত্তরাঞ্চলীয় শহর আফুলা-তে একই ধরনের আরেকটি ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে ৩০ বছর বয়সী এক যুবক নিহত হন। পুলিশ সন্দেহ করছে, সেই ঘটনার পেছনেও অপরাধ জগতের হাত ছিল।


সাম্প্রতিক সময়ে ইসরায়েলে অপরাধের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা প্রধানত দেশটির আরব সম্প্রদায়কে মারাত্মকভাবে প্রভাবিত করছে। তবে এই প্রাণঘাতী সহিংসতায় অনেক ইহুদি নাগরিকও প্রাণ হারাচ্ছেন।


এই লাগামহীন সহিংসতা দমনে ব্যর্থতার জন্য দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এবং ইসরায়েল পুলিশের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সরকারের সমালোচকরা। একই সাথে, বিচার বিভাগে কয়েক ডজন শূন্য পদ পূরণে অস্বীকৃতি জানানোর কারণে আইন প্রয়োগের গতি ব্যাহত হচ্ছে-এই অভিযোগে বিচার মন্ত্রী ইয়ারিভ লেভিনেরও সমালোচনা করা হচ্ছে।


সূত্র:  টাইমস অব ইসরায়েল


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন