দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর নতুন করে হামলা চালিয়েছে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের বিয়ায়াদা শহরে একটি ইসরায়েলি মারকাভা ট্যাংকে সফলভাবে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ছোঁড়া গোলার আঘাতে ট্যাংকটি সরাসরি বিধ্বস্ত হয়েছে।
পৃথক আরেক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা দেইর সিরিয়ান শহরে একটি ইসরায়েলি ডি-৯ বুলডোজারেও হামলা চালিয়েছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতদিন দক্ষিণ লেবাননে একটি বিস্ফোরক ড্রোনের আঘাতে তাদের চারজন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা অব্যাহত রয়েছে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি