পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করার ব্রিটিশ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
মিশরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যের এই সাহসী পদক্ষেপটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পূর্ণ সংগতিপূর্ণ। পাশাপাশি এটি অবৈধ বসতি স্থাপন ও সম্প্রসারণের কার্যক্রম রোধ করতে কার্যকর ভূমিকা রাখবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বসতিগুলোর এই অব্যাহত সম্প্রসারণ ফিলিস্তিনি ভূখণ্ডের অখণ্ডতা এবং ভৌগোলিক ঐক্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এটি একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকেও বাধাগ্রস্ত করছে বলে উল্লেখ করে কায়রো।
মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের ওপর জোর দিয়েছে মিশর। একই সঙ্গে অবৈধ বসতি নির্মাণের মতো একতরফা পদক্ষেপ বন্ধে বিশ্ব সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন