খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব পাম সানডের (Palm Sunday) প্রার্থনা অনুষ্ঠানে যোগ দিতে জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়ার্ককে 'চার্চ অফ দ্য হোলি সেপালচার'-এ প্রবেশ করতে না দেওয়ার ইসরায়েলি সিদ্ধান্তের রবিবার তীব্র নিন্দা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ম্যাঁক্রো লেখেন, "আমি ইসরায়েলি পুলিশের এই সিদ্ধান্তের নিন্দা জানাই, যা জেরুজালেমের পবিত্র স্থানগুলোর মর্যাদা লঙ্ঘনের উদ্বেগজনক মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছে।"
প্যাট্রিয়ার্ক কার্ডিনাল পিয়েরবাতিস্তা পিজ্জাবাল্লার প্রতি সমর্থন ব্যক্ত করে ম্যাঁক্রো আরও বলেন, "জেরুজালেমে সব ধর্মের জন্য স্বাধীনভাবে ধর্মচর্চার সুযোগ অবশ্যই নিশ্চিত করতে হবে।"
জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়ার্কেট এক বিবৃতিতে জানিয়েছে, পিজ্জাবাল্লা এবং পবিত্র ভূমির (হোলি ল্যান্ড) তত্ত্বাবধায়ক ফাদার ফ্রান্সেস্কো ইয়েলপো যখন ব্যক্তিগতভাবে গির্জার দিকে যাচ্ছিলেন, তখন তাদের বাধা দেওয়া হয় এবং "ফিরে যেতে বাধ্য করা হয়।"
প্যাট্রিয়ার্কেট আরও জানায়, কয়েক শতাব্দীর মধ্যে এই প্রথমবারের মতো গির্জার শীর্ষ নেতাদের খ্রিস্টানদের অন্যতম পবিত্র স্থান হোলি সেপালচারে পাম সানডে (হোলি উইক বা পবিত্র সপ্তাহের প্রথম দিন) উদযাপন করতে বাধা দেওয়া হলো।
ডিবিসি/কেএলডি