আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর ১৩ দফা সামরিক হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর ওপর পাল্টা আঘাত হেনেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার (৭ মে) রাতে এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, তারা অগ্রসরমান ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মোট ১৩টি সুনির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছে।

হিজবুল্লাহর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, গত ৪ মে থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর অভিজাত গোলানি ব্রিগেড-এর সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়। এতে বেশ কিছু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে।


দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা- আল-তৈয়বে, শামা, বিয়াদা, আলমান-আল-কুসাইর ত্রিভুজ এবং দেইর সিরিয়ানের নিকটবর্তী খাল্লেত আল-রাজ-এ ইসরায়েলি সেনা সমাবেশ ও সামরিক যানের ওপর এই নির্ভুল হামলাগুলো চালানো হয়।


হিজবুল্লাহর দাবি, গত মাসে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্র-মধ্যস্থতাকৃত ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল লেবাননের ভূখণ্ডে যে অবৈধ অনুপ্রবেশ এবং দখলদারি স্টাইলে কার্যক্রম চালাচ্ছে, তার জবাবেই এই প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। গোষ্ঠীটি এই অভিযানকে ইসরায়েলি উসকানি, বিমান হামলা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে একটি আনুপাতিক ও সরাসরি জবাব হিসেবে অভিহিত করেছে।


উল্লেখ্য যে, গত ২ মার্চ থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে এই পর্যায়ের সামরিক অভিযান শুরু করে। মূলত ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসন এবং ২০২৪ সালের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়। পরবর্তীতে ৮ এপ্রিল ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার পর তেল আবিব লেবাননে যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়েছিল। তবে অভিযোগ উঠেছে, সেই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী করার প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী পুনরায় দক্ষিণ লেবাননে হামলা ও উচ্ছেদ অভিযান শুরু করে।


লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, মার্চ মাসের শুরু থেকে ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত অন্তত ২,৭০৪ জন নিহত এবং ৮,৩১১ জন আহত হয়েছেন। সর্বশেষ ড্রোন ও বিমান হামলায় প্যারামেডিকসহ আরও ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


বর্তমানে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের কিছু অংশ দখল করে সেখানে ইয়েলো লাইন নামক একটি জবরদস্তিমূলক সামরিক বাফার জোন তৈরি করার চেষ্টা করছে, যা গাজা উপত্যকায় তাদের নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।


সূত্র: প্রেস টিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন