আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৩৮৭

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৩৮৭ জনে দাঁড়িয়েছে। গত মার্চ মাস থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের বিষয়ে লেবানন সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

লেবাননের ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট এক বিবৃতিতে জানায়, গত কয়েক মাসের হামলায় নিহতের পাশাপাশি অন্তত ৭ হাজার ৬০২ জন আহত হয়েছেন। বর্তমানে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চলায় বিভিন্ন ধ্বংস্তূপের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করছেন উদ্ধারকারীরা। বিশেষ করে দক্ষিণ লেবানন ও বৈরুতের যেসব এলাকায় ভারি বিমান হামলা চালানো হয়েছিল, সেখানে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।


গত ২ মার্চ ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা চালালে এই সংঘাতের সূত্রপাত ঘটে। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরায়েলি অক্ষের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার জেরে লেবানন এই যুদ্ধের কেন্দ্রে চলে আসে। হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েল লেবাননের ওপর ব্যাপক বিমান হামলা এবং স্থল অভিযান শুরু করে।


গত শুক্রবার থেকে কার্যকর হওয়া ১০ দিনের যুদ্ধবিরতির ফলে গত কয়েক মাস ধরে চলা ভয়াবহ বোমাবর্ষণ সাময়িকভাবে থমকে গেছে। এই বিরতির সুযোগে সিভিল ডিফেন্স কর্মীরা এবং সাধারণ মানুষ তাদের বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরে নিখোঁজ স্বজনদের সন্ধান করছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।


যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এই অঞ্চলে শান্তি বজায় থাকবে নাকি পুনরায় সংঘাত শুরু হবে, তা নিয়ে বর্তমানে গভীর অনিশ্চয়তা বিরাজ করছে।


সূত্র: আল জাজিরা
 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন