আন্তর্জাতিক

ইসরায়েলের চেকপোস্ট পেরিয়ে আল-আকসায় ৫০ হাজার ফিলিস্তিনির তারাবি আদায়

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনী ও বিধিনিষেধ উপেক্ষা করেই সমবেত হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি। রমজানের শুরুতেই দখলদার বাহিনীর রক্তচক্ষু ও চলমান উত্তেজনা মাড়িয়ে রবিবার সন্ধ্যায় আল-আকসা প্রাঙ্গণে প্রায় ৫০ হাজার মুসল্লি ইশা ও তারাবির নামাজ আদায় করেন।

জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, প্রাচীন নগরীর প্রবেশপথগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনীর কড়া যাচাই ও চেকপয়েন্টগুলোতে দীর্ঘ অপেক্ষা সত্ত্বেও ফিলিস্তিনিরা মসজিদে পৌঁছাতে সক্ষম হন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদন অনুযায়ী, পবিত্র রমজান মাস উপলক্ষে জেরুজালেমের অন্তত ৩০০ বাসিন্দার ওপর মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। একই সঙ্গে পুরো শহরজুড়ে সামরিক উপস্থিতি ব্যাপকহারে বাড়ানো হয়েছে।

মসজিদে প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলি প্রশাসন নির্দিষ্ট বয়সভিত্তিক বিধিনিষেধও আরোপ করেছে। 

 

বর্তমানে ১২ বছরের কম বয়সী শিশু, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সী নারীদের জন্য মসজিদে প্রবেশ সীমিত করা হয়েছে। গত বুধবার থেকেই কালান্দিয়া ও বেথলেহেমের মতো প্রধান সামরিক চেকপয়েন্টগুলোতে নামাজের আশায় হাজার হাজার ফিলিস্তিনিকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে।

 

পর্যবেক্ষকদের মতে, চরম প্রতিকূলতা এবং দীর্ঘ তল্লাশির পরেও আল-আকসায় বিপুল সংখ্যক মানুষের এই উপস্থিতি রমজানের পবিত্রতা রক্ষা এবং ইবাদতের প্রতি ফিলিস্তিনিদের অটল ও অবিচল মানসিকতারই বহিঃপ্রকাশ।

 

সূত্র: আল আরব

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন