ফিলিস্তিনে অব্যাহত সামরিক হামলার প্রেক্ষিতে ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সহযোগিতা অবিলম্বে ছিন্ন করার দাবি জানিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য ও লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান।
জেরেমি করবিন বলেন, যুক্তরাজ্যের মাটিতে ইসরায়েল কর্তৃক ব্রিটিশ সামরিক সুবিধাগুলোর ব্যবহার বন্ধ করা উচিত। একই সাথে তিনি যুক্তরাজ্যে এলবিট সিস্টেমসের উৎপাদন এবং এফ-৩৫ যুদ্ধবিমানের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করার ওপর জোর দেন।
তিনি আরও জানান, ফিলিস্তিনি জনগণের জন্য শান্তি ও যুদ্ধের অবসান চান তিনি এবং ইসরায়েলের ভেতরে যারা একই শান্তি কামনা করেন, তিনি তাদেরও সমর্থন করেন।
ইসরায়েল সরকারের সমালোচনাকে ইহুদিবিদ্বেষ হিসেবে প্রচার করার প্রবণতার কঠোর সমালোচনা করে করবিন বলেন, ইসরায়েল রাষ্ট্রের আচরণের যেকোনো সমালোচনাকে ইহুদিবিদ্বেষের সাথে গুলিয়ে ফেলা সম্পূর্ণ অবাস্তব।
আন্তর্জাতিক আইন রক্ষার্থে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, গাজা ও পশ্চিম তীরে ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে এবং দীর্ঘস্থায়ী দখলদারিত্বের অবসান ঘটাতে জাতিসংঘকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে।
ডিবিসি/এসডব্লিউএন