লেবাননে স্থিতিশীলতা ফেরাতে ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। একইসঙ্গে এই সংকট উত্তরণে এবং প্রস্তাবিত নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সমর্থন কামনা করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট আউন তার এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এ প্রস্তাবের প্রাথমিক শর্ত হলো লেবাননের ভূখণ্ড, আকাশসীমা এবং সমুদ্রপথে ইসরায়েলের সব ধরনের হামলা বন্ধ করে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা।
প্রেসিডেন্টের প্রস্তাবনা অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই লেবাননের সশস্ত্র বাহিনী সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ এলাকাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেবে। সেখানে থাকা সব ধরনের অস্ত্র বাজেয়াপ্ত করার পাশাপাশি হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা হবে এবং তাদের সব অস্ত্রের ডিপো ও সংরক্ষণাগারগুলো ভেঙে দেওয়া হবে।
তবে এ গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লেবানিজ সেনাবাহিনীর জন্য আন্তর্জাতিক লজিস্টিক সহায়তার ওপর জোর দিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট আউন জানিয়েছেন, পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়নের জন্য এ ধরনের বৈশ্বিক সহায়তা অপরিহার্য। এছাড়া, উদ্ভূত পরিস্থিতি সমাধানে এবং প্রস্তাবিত ব্যবস্থাগুলো কার্যকর করার বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতায় লেবানন ও ইসরায়েলকে দ্রুত সরাসরি আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন তিনি।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি