ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের এখনও ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা রয়েছে, তবে সেই শক্তি এখন আর ইসরায়েলের অস্তিত্বের জন্য কোনো হুমকি নয়। আজ রাতে প্রচারিত এক রেকর্ডকৃত বার্তায় তিনি এই মন্তব্য করেন।
নেতানিয়াহু তাঁর ভাষণে উল্লেখ করেন, তেহরান এবং এই অঞ্চলে তাদের যে মিত্র বা প্রক্সি গোষ্ঠীগুলো রয়েছে, তারা সামরিকভাবে আগের মতো শক্তিশালী অবস্থানে নেই। তিনি বলেন, "ইরানের এখনও হামলার ক্ষমতা আছে, কিন্তু তারা আর আমাদের অস্তিত্বের জন্য হুমকি হতে পারবে না। শুধু ইরানই নয়, তাদের আঞ্চলিক মিত্ররাও এখন আর ইসরায়েলকে অস্তিত্ব রক্ষার সংকটে ফেলার সক্ষমতা রাখে না।"
চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন ভূ-রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি জানান, এই যুদ্ধ ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে এই অঞ্চলে নতুন মিত্র তৈরি করার একটি অভূতপূর্ব সুযোগ করে দিয়েছে।
নেতানিয়াহু বলেন, "এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে আমাদের নতুন বন্ধু তৈরির পথ প্রশস্ত হয়েছে। আমি এখনই নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করছি না, তবে আশা করছি খুব শীঘ্রই আমরা সেই দেশগুলোর নাম বিশ্ববাসীর সামনে প্রকাশ করতে পারব।"
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই বক্তব্য মূলত ইরানের সামরিক প্রভাব হ্রাস এবং আরবের কিছু দেশের সাথে ইসরায়েলের গোপন বা প্রকাশ্য কূটনৈতিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত দেয়। যুদ্ধের কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি দেশের জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে, ইসরায়েলের সার্বভৌমত্ব ও নিরাপত্তা এখন অনেক বেশি সুসংহত।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল