মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় ইসরায়েলে বসবাসরত চীনা নাগরিকদের নিজেদের নিরাপত্তা আর ঝুঁকিতে না ফেলার আহ্বান জানিয়েছে চীন। ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস এক সতর্কবার্তায় নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ ইসরায়েল ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যেতে অথবা চীনে ফিরে আসার নির্দেশ দিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া দূতাবাসের বরাত দিয়ে জানিয়েছে, আটকে পড়া নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে চীনা সরকার মিশর সংলগ্ন তাবা সীমান্ত দিয়ে আরও একটি উদ্ধার অভিযানের (ইভাকুয়েশন মিশন) আয়োজন করছে।
সিনহুয়ার প্রতিবেদনে দূতাবাসের বিবৃতিতে উল্লেখ করে বলা হয়, “ইসরায়েলের ওপর মিসাইল ও ড্রোন হামলার পরিধি, মাত্রা এবং তীব্রতা আগের চেয়ে আরও বেড়েছে। এর ফলে হতাহত ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ যেমন বাড়ছে, তেমনি সময়মতো বোমা আশ্রয়কেন্দ্রে (বম্ব শেল্টার) পৌঁছাতে না পারার কারণে সাধারণ মানুষের হতাহত হওয়ার ঘটনাও বারবার ঘটছে।”
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে দূতাবাসটি ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের বিশেষভাবে সতর্ক করেছে। তাদের “বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি শোধনাগার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল সামরিক স্থাপনা থেকে দূরে থাকার” কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি