আন্তর্জাতিক, খেলাধুলা, ফুটবল

ইসরায়েলকে আর্ন্তজাতিক ফুটবল থেকে নিষিদ্ধের পথে হাঁটছে উয়েফা!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৬শে সেপ্টেম্বর ২০২৫ ০২:২৫:১৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিভিন্ন দেশের দাবির মুখে ইসরায়েলকে আর্ন্তজাতিক ফুটবল থেকে নিষিদ্ধের পথে হাঁটছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে সংস্থাটি।

ফিলিস্তিনের গাজায় প্রায় দুই বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে নারী ও শিশুসহ ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। বর্তমানে গাজার বেশিরভাগ মানুষই বাস্তুচ্যুত।

 

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে। এর ঢেউ লেগেছে ক্রীড়াঙ্গনেও, যেখানে গাজা যুদ্ধের দায়ে ইসরায়েলকে ফুটবলসহ সব ধরনের খেলাধুলা থেকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এবার সে দাবি বাস্তবায়ন করতে চায় উয়েফা। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে উয়েফা আগামী সপ্তাহে ভোটাভুটির আয়োজন করতে চলেছে। 

 

নাম প্রকাশে অনিচ্ছুক উয়েফার কার্যনির্বাহী কমিটির দুইজন সদস্য বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ২০ সদস্য বিশিষ্ট এই কমিটির অধিকাংশ সদস্যই আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েলের জাতীয় দল ও ক্লাবগুলোকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। এই নিষেধাজ্ঞা কার্যকর হলে, ইসরায়েল আগামী বছরের ফুটবল বিশ্বকাপসহ কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

 

ইসরায়েলের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আগামী ১১ ও ১৫ অক্টোবর নরওয়ে ও ইতালির বিপক্ষে। এই ম্যাচগুলো নিয়ে এরই মধ্যে আলোচনা তুঙ্গে। নরওয়ে ফুটবল ফেডারেশন ঘোষণা করেছে যে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ গাজার মানবিক সহায়তায় দেওয়া হবে। অন্যদিকে, ইতালির একদল সমর্থক ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি না খেলার দাবি তুলেছেন।

 

তবে উয়েফা নিষেধাজ্ঞা দিলেও, ফিফা তাতে সমর্থন দেবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। এর কারণ হলো, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক। ইতিমধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা ইসরায়েলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার যেকোনো প্রচেষ্টা ঠেকাতে কাজ করবেন।

 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন