ইসরায়েল বাহিনীকে লেবানন থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করার জন্য কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ইসরাইলকে এই সতর্কবার্তা দেন।
বার্তায় কায়ানি লেখেন, জায়নবাদীরা জেনে রাখুক, যারা আশুরার চেতনা এবং ইমাম হোসেনের (আ.) আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তারা আজও সেই শাশ্বত বিশ্বাস বুকে ধারণ করে আছেন। প্রতিটি দিনই আশুরা এবং প্রতিটি ভূমিই কারবালা।
তিনি আরও যোগ করেন, জায়নবাদীদের অবশ্যই পুরো লেবানন ত্যাগ করতে হবে। কারণ এই পবিত্র ভূমি প্রতিরোধ ও অবিচলতার ক্ষেত্র, দখলদারদের কোনো খেলার মাঠ নয়। কুদস ফোর্সের কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইল যদি আজ স্বেচ্ছায় লেবানন থেকে প্রত্যাহার না করে, তবে আগামীকাল তাদের চরম অপমান ও পরাজয় বরণ করে পালিয়ে যেতে বাধ্য করা হবে।
২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের পিছু হটা এবং বিনত জবেইলে হিজবুল্লাহর তৎকালীন প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর ঐতিহাসিক ভাষণের কথা উল্লেখ করে কায়ানি বলেন, ২০০০ সালের ঘটনা এবং বিনত জবেইলে শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহর সেই ঐতিহাসিক ঘোষণা ভুলে যাবেন না। সেই প্রতিশ্রুতি আজও জীবন্ত এবং এতে কোনো সন্দেহ নেই যে, সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি আবারও ঘটবে।
ডিবিসি/এসএফএল