চলমান ভূ-রাজনৈতিক সংঘাতের প্রভাব এবার ক্রীড়াঙ্গনে, তাও আবার মাত্র আট বছর বয়সী এক শিশুর হাত ধরে। জর্জিয়ার বাতুমি শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপ (অনূর্ধ্ব-৮)-এ ইসরায়েলি প্রতিযোগীদের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন লেবাননের খুদে দাবা প্রতিভা লরেন আবদেল সামাদ। লেবানিজ গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
১৪ থেকে ২৭ জুন অনুষ্ঠিত এই টুর্নামেন্টে নির্ধারিত দুটি ম্যাচে ইসরায়েলি প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার কথা ছিল লরেনের। তবে ম্যাচ দুটি থেকে সে স্বেচ্ছায় নিজের নাম প্রত্যাহার করে নেয়। নিয়ম অনুযায়ী, ম্যাচ না খেলায় প্রতিপক্ষকে ওয়াকওভার দেওয়া হয় এবং লরেনকে স্বয়ংক্রিয়ভাবে পরাজিত ঘোষণা করা হয়। এই পয়েন্ট হারানোর ফলে টুর্নামেন্টের চূড়ান্ত র্যাংকিংয়েও তার অবস্থানে নেতিবাচক প্রভাব পড়েছে।
লরেনের পরিবার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, পয়েন্ট হারালে টুর্নামেন্টের ফলাফলে ক্ষতি হবে জেনেও লরেন নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে।
খুদে দাবাড়ুর বাবা বাসাম আবদেল সামাদ সংবাদমাধ্যমকে বলেন, লরেন অত্যন্ত সচেতনভাবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ইসরায়েলি খেলোয়াড়দের বিরুদ্ধে ম্যাচ দুটি বর্জন করেছে। সে নিয়মিত খবর দেখে এবং ইসরায়েলি হামলায় ঘরবাড়ি ধ্বংস ও শিশুদের লক্ষ্যবস্তু করার দৃশ্য তাকে গভীরভাবে প্রভাবিত করেছে।
তিনি আরও বলেন, লেবাননের আইন যদি ইসরায়েলিদের বিরুদ্ধে খেলার অনুমতিও দিত, তবুও লরেন খেলত না। এত কম বয়স হওয়া সত্ত্বেও এই বিষয়ে তার ব্যক্তিগত অবস্থান অত্যন্ত দৃঢ়।
বিশ্বমঞ্চে এই অনড় অবস্থানের আগে নিজ দেশ লেবাননে ইতিমধ্যেই দারুণ এক রেকর্ড গড়েছে লরেন আবদেল সামাদ। সে বিখ্যাত ‘লেবানিজ আমেরিকান ইউনিভার্সিটি (LAU) চেস চ্যাম্পিয়নশিপ’-এ প্রথম স্থান অধিকার করে এবং নিজের বয়স বিভাগে লেবানিজ চেস ফেডারেশন শিরোপাও নিজের নামে করে।
বিশ্ব চ্যাম্পিয়নশিপের সফর শেষ করে বৈরুতে ফিরে আসা লরেন এখন আর বসে নেই। সে ইতিমধ্যেই আসন্ন লেবানিজ চেস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর জন্য জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে।
সূত্র: রোয়া নিউজ
ডিবিসি/এসএফএল