আন্তর্জাতিক, আরব

ইসরায়েলি অন্যায়ের বিরুদ্ধে হিজবুল্লাহই সুরক্ষাকবচ: ইসমাইল ঘানি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেবাননের দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলি শাসনগোষ্ঠীর অব্যাহত দখলদারিত্ব, আগ্রাসন এবং নৃশংসতা কখনোই দেশটির বীরত্বপূর্ণ জনগণ ও প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর মনোবল ভাঙতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান কমান্ডার ইসমাইল ঘানি।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।


কমান্ডার ইসমাইল ঘানি তার পোস্টে লেখেন, ইহুদিবাদী ইসরায়েলি সরকারকে অবশ্যই এটি জেনে রাখতে হবে যে, দক্ষিণ লেবাননের জনগণের ওপর তাদের চলমান দখলদারিত্ব, আগ্রাসন এবং ধারাবাহিক অপরাধযজ্ঞ লেবাননের সহনশীল জনগোষ্ঠী ও হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের লৌহকঠিন মনোবলকে কখনোই দমাতে পারবে না।


দক্ষিণ লেবানন সব সময়ই সম্মান, প্রতিরোধ ও অবিচলতার চারণভূমি ছিল এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে উল্লেখ করে ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ মুসলিম উম্মাহর সম্মান ও প্রতিরোধের প্রতীক হিসেবে লেবাননের সুরক্ষায় সর্বদা অগ্রভাগে থাকবে। দখলদার ইসরায়েলি সরকারের অন্যায্য ও সীমাহীন দাবির বিরুদ্ধে তারা দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাবে।


ইসমাইল ঘানি তার বক্তব্যের শেষে আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সত্যের বিজয়ের যে ঐশ্বরিক প্রতিশ্রুতি রয়েছে, তা অবশ্যই বাস্তবায়িত হবে।


সূত্র: মেহর নিউজ


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন