লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিহ জেলায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপরজন সিরিয়ার নাগরিক। সংবাদমাধ্যম ‘ল রিয়েন্ট টুডে’ সোমবার (১১ মে) এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তবে এখন পর্যন্ত নিহত বাংলাদেশিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, রবিবার এই হামলা চালানো হয়।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। তবে সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্যবস্তু করার পাশাপাশি তারা বেসামরিক ঘরবাড়িও ধ্বংস করছে বলে অভিযোগ উঠেছে।
ইসরায়েলি এই আগ্রাসনের জবাবে হিজবুল্লাহও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে। সোমবারও তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।
সূত্র: ল রিয়েন্ট টুডে
ডিবিসি/এসএফএল