লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বোমা হামলায় দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। গত বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় অবস্থানকালে এই হামলার শিকার হন তিনি।
শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
নিহত দিপালী ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে। তিনি দীর্ঘ দিন ধরে লেবাননে প্রবাসী হিসেবে কর্মরত ছিলেন।
দূতাবাস সূত্রে জানা যায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় নিজের নিয়োগকর্তার (কফিল) পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন দিপালী। সেই সময় ওই ভবন লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালালে ঘটনাস্থলেই দিপালী নিহত হন। স্থানীয় এক প্রতিবেশীর বরাত দিয়ে জানা যায়, একই হামলায় দিপালীর কফিল এবং তার পরিবারের একাধিক সদস্যও প্রাণ হারিয়েছেন।
নিহত দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহের বর্তমান অবস্থা এবং পরবর্তী আইনি ও দাফন প্রক্রিয়া সম্পর্কে তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।
দিপালীর আকস্মিক মৃত্যুতে লেবাননের বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরই বুধবার লেবাননজুড়ে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এই হামলায় এক দিনেই লেবাননে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন সহস্রাধিক।
ডিবিসি/এসএফএল