লেবানন সীমান্ত ও উত্তর ইসরায়েলের কাছাকাছি ইসরায়েলি সামরিক অবস্থান এবং সেনা সমাবেশ লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননজুড়ে ইসরায়েলের অব্যাহত ও ব্যাপক হামলার জবাবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি।
হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা লেবাননের মারকাবা শহরের বিপরীতে অবস্থিত মারজ এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া আল-আদিসার দক্ষিণে জাল আল-হাম্মার এলাকায় ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে এবং ডোভভ ব্যারাকের ভেতরে থাকা সেনাদের ওপরও ড্রোন দিয়ে আঘাত হেনেছে তারা।
ড্রোন হামলার পাশাপাশি উচ্চ ক্ষমতাসম্পন্ন বা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইফতার ব্যারাকের একটি ইসরায়েলি আর্টিলারি বা গোলন্দাজ অবস্থান এবং বিরকাত আল-মারজের কাছে সেনা সমাবেশেও হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।
এমন এক সময়ে হিজবুল্লাহ এই হামলার দাবি করল, যখন দক্ষিণ লেবাননজুড়ে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। চলমান এই সংঘাতে ইসরায়েলি হামলায় লেবাননের বিভিন্ন শহরে বেসামরিক নাগরিক নিহত হওয়ার পাশাপাশি অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, যার ফলে পুরো অঞ্চলের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এফএইচআর