আন্তর্জাতিক, আরব

ইসরায়েলি হামলায় লেবাননে প্রতিদিন গড়ে ১১ শিশু হতাহত: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও লেবাননজুড়ে ইসরায়েলি হামলা জোরদার হওয়ায় গত এক সপ্তাহে দেশটিতে প্রতিদিন গড়ে ১১ জন করে শিশু নিহত অথবা আহত হয়েছে। শুক্রবার (২৯ মে) জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে।

গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে ইসরায়েলি বাহিনী ওই অঞ্চলের একটি বড় অংশকে নতুন করে যুদ্ধ অঞ্চল হিসেবে ঘোষণা করে। এছাড়া বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলির একটি ভবনেও হামলা চালানো হয়।


লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের বরাত দিয়ে ইউনিসেফ জানিয়েছে, গত সাত দিনে মোট ৭৭ জন শিশু হতাহত হয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত লেবাননে ৫৫টি শিশু নিহত এবং ২১২ জন শিশু আহত হয়েছে।


ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস সব পক্ষকে পূর্ণাঙ্গভাবে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, যেকোনো পরিস্থিতিতেই শিশু এবং বেসামরিক অবকাঠামো রক্ষা করা বাধ্যতামূলক।


গত ২ মার্চ থেকে ইসরায়েলি সেনা এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাত থামাতে ওয়াশিংটনের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। তবে সাম্প্রতিক দিনগুলোতে তা অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে।


এদিকে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) শুক্রবার জানিয়েছে, সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে লেবাননের জনগণের স্বাস্থ্যঝুঁকি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।


ডব্লিউএইচও-এর প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর ওপর অন্তত ২৭টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ২৫ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছেন। এছাড়া ক্রমাগত বোমাবর্ষণে এ পর্যন্ত ১৬টি হাসপাতাল এবং ১৩টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


সূত্র: রয়টার্স


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন