ভারত-ইসরায়েল প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস তাদের অত্যাধুনিক আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টামির ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের উৎপাদন লাইন ভারতে স্থাপনের পরিকল্পনা করছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ভারতের বিভিন্ন প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে যৌথ উৎপাদন নিয়ে আলোচনা চালাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্রগুলোর মতে, সম্ভাব্য এই উদ্যোগটি দুই দেশের মধ্যে যৌথ সক্ষমতা ও স্থিতিশীলতা বৃদ্ধির কৌশলের অংশ হতে পারে। ভারতে উৎপাদন লাইন স্থাপিত হলে রাফায়েল অন্যান্য দেশের কাছে ইন্টারসেপ্টর রপ্তানিতে সুবিধা পাবে, উৎপাদন ব্যয় কমবে এবং প্রয়োজনের সময় বিকল্প উৎপাদন সক্ষমতাও নিশ্চিত হবে।
পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ আরও গতি পাবে এবং আঞ্চলিক পর্যায়ে নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার হিসেবে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্প্রতি জেরুজালেমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে ঘোষিত বিশেষ কৌশলগত অংশীদারত্বের ধারাবাহিকতায় দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর হচ্ছে।
সূত্রের দাবি, বর্তমানে চূড়ান্ত কাঠামো প্রণয়নের পর্যায়ে থাকা এই অংশীদারত্বের আওতায় প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদন, পরবর্তী প্রজন্মের সামরিক প্রযুক্তির যৌথ উন্নয়ন এবং যুদ্ধ বা জাতীয় নিরাপত্তাজনিত জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে দীর্ঘদিনের কার্যকর হলেও তুলনামূলকভাবে অনানুষ্ঠানিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক রূপ পাবে।
বর্তমান বৈশ্বিক সংঘাত ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্বজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা বেড়েছে। এ পরিস্থিতিতে ভারতে সরবরাহ শৃঙ্খল গড়ে তুললে রাফায়েল ইসরায়েল থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা নিয়ে বিভিন্ন দেশের রাজনৈতিক আপত্তি মোকাবিলায়ও সুবিধা পেতে পারে।
বর্তমানে রাফায়েল উত্তর ইসরায়লের একটি কারখানায় আয়রন ডোমের ইন্টারসেপ্টর উৎপাদন করে। এছাড়া গত বছর যুক্তরাষ্ট্রে রেথিয়নের সঙ্গে যৌথ উদ্যোগে ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি। ওই কারখানা যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীর নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইন্টারসেপ্টর সরবরাহ করে এবং প্রয়োজনে ইসরায়েলের উৎপাদন সক্ষমতাকেও সহায়তা করতে পারে।
অন্যদিকে, ইসরায়েলভিত্তিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস ভারতে তাদের হারমেস ৯০০ (স্টার) এবং হারমেস ৪৫০ (জিক) ড্রোনও উৎপাদন করছে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসএফএল