গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটকে দেওয়ার ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে ইতালি। আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক নৌযান জব্দের ঘটনায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে নিজ দেশের নাগরিকদের দ্রুত মুক্তির দাবিও জানিয়েছে রোম।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কার্যালয় থেকে জানানো হয়েছে, ক্রিট দ্বীপের কাছে অভিযানের সময় 'বেআইনিভাবে আটক' হওয়া সব ইতালীয় নাগরিকের মুক্তি চায় তারা। অন্যদিকে, 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র আয়োজকরা নৌযানগুলো গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা বহন করছিল উল্লেখ করে এই আটকের ঘটনাকে সরাসরি জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করেছেন।
এ ঘটনায় জার্মানি ও ইতালি এক যৌথ বিবৃতিতে 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছে। পাশাপাশি তারা আন্তর্জাতিক আইনের পূর্ণ প্রতিপালন করার আহ্বান জানিয়েছে এবং এ ধরনের দায়িত্বহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছে।
ইউরোপে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইতালি সম্প্রতি লেবাননে ইসরায়েলি হামলারও সমালোচনা করেছে এবং তাদের সাথে থাকা একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্থগিত করেছে। তবে ইসরায়েল এই ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের 'মনোযোগ আকর্ষণকারী উসকানিদাতা' হিসেবে আখ্যায়িত করে তাদের সামরিক পদক্ষেপের পক্ষে সাফাই গেয়েছে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি