ইসরায়েলের কাছে প্রায় ৬৫০ মিলিয়ন ডলার মূল্যের ২০ হাজারেরও বেশি বোমা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের বর্তমান ট্রাম্প প্রশাসন। মার্কিন কর্মকর্তাদের মতে, এই বিশাল অস্ত্র বিক্রির ক্ষেত্রে কংগ্রেসের প্রথাগত পর্যালোচনার প্রক্রিয়াটি এড়িয়ে যাওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে জরুরি অবস্থা হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁর মতে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই অস্ত্র সরবরাহে কংগ্রেসের অনুমতির প্রয়োজন নেই। সরকারের এই বিশেষ ক্ষমতা ব্যবহারের ফলে দ্রুততম সময়ে ইসরায়েলের হাতে এই মারণাস্ত্রগুলো পৌঁছে যাবে।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, সরকারি এই চুক্তির বাইরেও ইসরায়েল সরাসরি বাণিজ্যিক প্রক্রিয়ায় আরও ২৯৮ মিলিয়ন ডলার মূল্যের গোলাবারুদ ক্রয় করবে। ফলে সব মিলিয়ে ইসরায়েলের সামরিক শক্তি বৃদ্ধিতে বড় ধরনের সহায়তা দিচ্ছে ওয়াশিংটন।
তবে এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ফিলিস্তিনের গাজার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েল সম্ভবত এই ধরনের ভারী গোলাবারুদ ব্যবহার করে গণহত্যা চালিয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে এই বিশাল পরিমাণ বোমা বিক্রির অনুমোদন গাজা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন মানবাধিকার কর্মীরা।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল