ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে আকস্মিক ও শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
যৌথ বাহিনীর এই অভিযানে তেহরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে আয়াতুল্লাহ আলি খামেনির সরকারি বাসভবনটি হামলায় পুরোপুরি ধসে পড়েছে। বিস্ফোরণের তীব্রতায় চারপাশ কালো হয়ে গেছে।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের বাসভবনেও হামলা চালানো হয়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি। রাজধানীর বাইরে হোরমোজগান প্রদেশের মিনাব এলাকায় একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় এক মর্মান্তিক ট্র্যাজেডি ঘটে গেছে। ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ-এর তথ্যমতে- স্কুলটিতে চালানো এই হামলায় অন্তত ৪০ জন শিক্ষার্থী নিহত হয়েছে। উদ্ধার অভিযানের শুরুতে ৫ জনের মৃত্যুর কথা জানানো হলেও পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ৪০-এ দাঁড়ায়।
এই আকস্মিক হামলার পর ইরান জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। তেহরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো পাল্টা পদক্ষেপের ঘোষণা আসেনি, তবে উচ্চপদস্থ কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক মহল এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা করছে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল