চলমান পরিস্থিতির জেরে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। মঙ্গলবার (১৪ এপ্রিল) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এই ঘোষণার কথা জানানো হয়েছে।
ভেরোনায় একটি ওয়াইন উৎসব পরিদর্শনের সময় সাংবাদিকদের মেলোনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’ মূলত প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার লক্ষ্যে ২০০৩ সালে ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির আমলে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। ২০০৫ সালে ইতালি এটি অনুমোদন করার পর থেকে প্রতি পাঁচ বছর পরপর চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে আসছিল।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল-বিরোধী ব্যাপক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইতালি। ফলে মেলোনির ডানপন্থি সরকার চরম অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে। এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘে দেওয়া এক ভাষণে মেলোনি জানিয়েছিলেন, গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের কিছু নিষেধাজ্ঞার প্রতি ইতালি সমর্থন জানাবে। ইসরায়েলের কর্মকাণ্ড মানবিক নীতিমালা লঙ্ঘন করেছে এবং তারা বেসামরিক নাগরিকদের ব্যাপক হত্যাযজ্ঞ ঘটিয়েছে বলেও সেসময় মন্তব্য করেন তিনি।
এছাড়া, ইতালীয় গণমাধ্যম ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানা গেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার সময় সিসিলির সিগোনেলা ঘাঁটিতে কিছু মার্কিন যুদ্ধবিমান অবতরণের অনুমতি দিতেও অস্বীকৃতি জানিয়েছিল ইতালি।
সূত্র: টাইমস অব ইসরায়েল
ডিবিসি/এফএইচআর