যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যুক্ত না হওয়ার সুস্পষ্ট ঘোষণা দিয়েছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, এই প্রস্তাব কোনোভাবেই ইসলামাবাদের কাছে গ্রহণযোগ্য নয়।
সংবাদমাধ্যম আল জাজিরা ও এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে আমাদের এমন কোনও চুক্তিতে যোগ দেওয়া উচিত, যা আমাদের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।’ এ বিষয়ে পাকিস্তানের অবস্থান অত্যন্ত পরিষ্কার বলেও জোর দিয়ে উল্লেখ করেন তিনি।
পাকিস্তানের এই প্রত্যাখ্যানের প্রেক্ষাপট তৈরি হয় ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক আহ্বানের পর। মূলত ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে আরও বেশি দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছিলেন তিনি। গত সোমবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানের নেতাদের আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার অনুরোধ জানান।
ওই পোস্টে ট্রাম্প লেখেন, "আমি বাধ্যতামূলকভাবে অনুরোধ করছি, সব দেশ যেন দ্রুত আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে।" একইসঙ্গে তিনি জানান, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সই করে, তাহলে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাদেরও এই নজিরবিহীন বৈশ্বিক জোটের অংশ হিসেবে পাওয়াটা সম্মানের হবে। এই জোট গঠিত হলে মধ্যপ্রাচ্য বিশ্বের অন্য যেকোনও অঞ্চলের চেয়েও বেশি ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডিবিসি/এফএইচআর