ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ছোড়া একটি ক্লাস্টার (গুচ্ছ) ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) মধ্যরাত থেকে শুরু হওয়া সপ্তম দফার এই হামলায় তেহরান ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর আক্রমণ অব্যাহত রেখেছে। পরবর্তীতে বিকেলে ইরান অষ্টম দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
চিকিৎসা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইরানের ক্লাস্টার ওয়ারহেডটি মধ্যাঞ্চলীয় শহর ইহুদ, ওর ইয়েহুদা, হোলন এবং বাত ইয়ামসহ অন্তত ছয়টি স্থানে আঘাত হেনেছে। ইহুদ শহরের একটি নির্মাণাধীন এলাকায় ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারের আঘাতে ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন এবং অন্য একজন আশঙ্কাজনকভাবে আহত হন। এছাড়া ওর ইয়েহুদায় আরও এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন বলে নিশ্চিত করেছে জরুরি সেবা সংস্থা 'মাগেন ডেভিড অ্যাডোম' (MDA)।
ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর অবকাঠামোতেও ইরান আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই হামলার ফলে বাহরাইনের একমাত্র তেল শোধনাগারটিতে আগুন জ্বলতে দেখা গেছে। অন্যদিকে ঋষোন লেটজিওন (Rishon Lezion) এলাকায় ওপর থেকে পড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক নারী মাঝারি ধরনের আহত হয়েছেন।
ডিবিসি/কেএলডি