ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে মিল রেখে প্রায় একই সময়ে ইসরায়েলকে লক্ষ্য করে বিপুলসংখ্যক রকেট ছুড়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দুই পক্ষের সমন্বিত ও আকস্মিক হামলায় ইসরায়েলের ভূখণ্ডে অন্তত ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইরান যখন ইসরায়েলে তাদের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই লেবানন থেকে উত্তর ইসরায়েলে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে অন্তত তিন দফায় রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এ তীব্র হামলার জেরে উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা এবং হাইফা শহরে মুহুর্মুহু বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। একইসঙ্গে শহরগুলোর বাসিন্দাদের সতর্ক করতে বেজে ওঠে সাইরেন।
একযোগে চালানো এ জোড়া হামলায় ওই অঞ্চলে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ভূত এই বিপজ্জনক পরিস্থিতিতে যেকোনো ধরনের প্রাণহানি এড়াতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের নাগরিকদের দ্রুততম সময়ের মধ্যে নিরাপদ বাঙ্কারে ও আশ্রয়ে সরে যাওয়ার জরুরি নির্দেশ দিয়েছে।
তথ্যসূত্র: দ্য জেরুজালেম পোস্ট
ডিবিসি/এএমটি