আন্তর্জাতিক

ইসরায়েলে এক পুলিশের গুলিতে আরেক পুলিশ কর্মকর্তা নিহত

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর পর নিরাপত্তা বাহিনীর গুলিতে এক কর্মরত সীমান্ত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবারের এ ঘটনায় নিহত কর্মকর্তা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) ভুগছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

পুলিশ প্রথমে জানায়, এক বন্দুকধারীকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। পরে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করে তারা জানায়, তিনি সার্জেন্ট ডেভিড আমরানি। ঘটনাটির কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

 

এই ঘটনায় অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

পুলিশের তথ্য অনুযায়ী, ২০ বছর বয়সী আমরানি নেতানিয়ার বাসিন্দা ছিলেন। ২০২৪ সালের আগস্টে বাধ্যতামূলক সামরিক সেবার অংশ হিসেবে তিনি বর্ডার পুলিশে যোগ দেন। প্রশিক্ষণ শেষে তাকে পশ্চিম তীরের হেবরনে বর্ডার পুলিশের একটি ইউনিটে দায়িত্ব দেওয়া হয়। প্রায় আট মাস আগে তিনি পশ্চিম তীরের বর্ডার পুলিশের ‘কোম্পানি ৩৯’-এ বদলি হন।

 

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, আমরানি যুদ্ধজনিত মানসিক আঘাতে ভুগছিলেন।

আইডিএফ ডিজেবলড ভেটেরানস অর্গানাইজেশনের চেয়ারম্যান ইদান ক্লেইম্যান ঘটনাটিকে ‘গুরুতর’ উল্লেখ করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।

 

চ্যানেল ১৩-কে তিনি বলেন, ‘নেতানিয়ায় আজ সন্ধ্যার গুরুতর ঘটনাটি সম্পূর্ণ ও গভীর তদন্ত দাবি করে। ঘটনার নির্দিষ্ট পরিস্থিতির বাইরেও এটি ইসরায়েল রাষ্ট্রের জন্য আরেকটি সতর্কবার্তা। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পরও যারা মানসিকভাবে যুদ্ধের সঙ্গে লড়ছেন, সেই হাজারো সাবেক নারী ও পুরুষ যোদ্ধাকে রাষ্ট্র কোনোভাবেই একা ফেলে রাখতে পারে না।’

 

তিনি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের প্রতি আইডিএফ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ তদন্তের নির্দেশ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আমরানি কী ধরনের সহায়তা পেয়েছিলেন, সেটিও খতিয়ে দেখার দাবি জানান তিনি।

 

আহত ও প্রতিবন্ধী সাবেক সেনাদের সহায়তাকারী অলাভজনক সংস্থা ‘হোয়েন দ্য স্ট্রং আর রিভিলড’-এর প্রধান নির্বাহী ওহাদ নেইমার্কও ঘটনাটি নিয়ে মন্তব্য করেছেন।

 

তিনি বলেন, বর্তমান জটিল বাস্তবতায় আইডিএফের যুদ্ধফেরত সদস্য, আহত সেনা ও মানসিক আঘাতে ভোগা ব্যক্তিদের প্রতি আরও বেশি সংবেদনশীল হওয়া প্রয়োজন।

 

নেইমার্ক বলেন, ‘কখনো কখনো যেসব আচরণ ব্যাখ্যাতীত মনে হয়, তার পেছনে গভীর মানসিক সংকট লুকিয়ে থাকতে পারে।’

 

তিনি আরও বলেন, ‘যুদ্ধের পরের এই যুদ্ধে যারা আমাদের জন্য লড়েছেন, তাদের রক্ষা করাও এখন আমাদের দায়িত্ব।’

 

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল একাধিক ফ্রন্টে যুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে পিটিএসডিসহ বিভিন্ন মানসিক সমস্যার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

 

গত জুলাইয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ২৬ হাজার ২০০ আহত আইডিএফ সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্য তাদের পুনর্বাসন বিভাগে চিকিৎসা ও সহায়তার জন্য যোগাযোগ করেছেন। তাদের মধ্যে প্রায় ৬৫ শতাংশ পিটিএসডি, উদ্বেগ, বিষণ্নতা এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে অসুবিধাসহ বিভিন্ন মানসিক সমস্যার জন্য সহায়তা চেয়েছেন।

 

ডিবিসি/আরএফই

আরও পড়ুন