ইসরায়েলের অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের কড়া জবাব হিসেবে বৃহস্পতিবার ভোরে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতির মাধ্যমে গোষ্ঠীটি এই হামলার দায় স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরানের সাথে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর, এটিই ইসরায়েলের বিরুদ্ধে ইরান-পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত এই গোষ্ঠীর প্রথম হামলা।
টেলিগ্রামে দেওয়া ওই বিবৃতিতে হিজবুল্লাহ স্পষ্ট জানিয়েছে, নিজ মাতৃভূমি ও দেশের জনগণের ওপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই পাল্টা জবাব অব্যাহত থাকবে। অন্যদিকে, হিজবুল্লাহর দায় স্বীকারের আগেই ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল যে, লেবানন থেকে ছোড়া একটি রকেট তারা আকাশেই ধ্বংস করে দিয়েছে।
হিজবুল্লাহর এই রকেট হামলার ঠিক আগের দিন, অর্থাৎ গতকাল বুধবার, লেবাননের ওপর ভয়াবহ হামলা চালিয়েছিল ইসরায়েল। মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দিনব্যাপী চলা এই রক্তক্ষয়ী হামলায় অন্তত ২৫৪ জনের প্রাণহানি ঘটে এবং ১১৬৫ জনেরও বেশি মানুষ আহত হন। ভয়াবহ এই প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় লেবানন একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
ডিবিসি/এফএইচআর