দখলদার ইসরায়েলকে যুদ্ধ আসক্ত হিসেবে অভিহিত করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার তাদের টিকে থাকার বিষয়টিকে যুদ্ধের সঙ্গে জড়িয়েছে এবং তারা চায় এ অঞ্চলে যেন যুদ্ধ বেধে থাকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
এরদোয়ান বলেন, ইসরায়েলের দখলদার সেনারা গাজার নির্যাতিত মানুষের ওপর তাদের অবৈধ ও অমানবিক হামলা অব্যাহত রেখেছে। যুদ্ধ আসক্ত বর্তমান ইসরায়েলি সরকারকে এই অঞ্চলে আরেকবার রক্ত ও গান পাওডারের গন্ধ ফিরিয়ে আনার সুযোগ দেওয়া উচিত হবে না। তারা নিজেদের টিকে থাকার লড়াইকে যুদ্ধের সঙ্গে যুক্ত করার কারণে বিশেষ করে লেবানন ও সিরিয়া ছাড়ছে না। এর আগেও ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একাধিকবার যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করেছেন তুর্কি প্রেসিডেন্ট।
২০২৩ সালের অক্টোবর থেকে দুই বছরের বেশি সময় ধরে গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, যার ফলে সেখানে প্রায় ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বর্তমানে গাজায় নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েল।
ডিবিসি/এফএইচআর