ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ির বাসভবন ও সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো যৌথ বিমান হামলায় খামেনিসহ তাঁর পরিবারের অন্য চার সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন তাঁর মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাতা।
রবিবার (১ মার্চ) ইরানি সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানান, এই অভিযানে খামেনি প্রাণ হারিয়েছেন।
এদিকে হামলা কতদিন স্থায়ী হবে সে বিষয়ে এক অস্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি চাইলে এই লড়াই দীর্ঘস্থায়ী করে সবকিছু পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারি। আবার দুই-তিন দিনের মধ্যে অভিযান শেষ করে ইরানিদের এই বার্তাও দিতে পারি যে-যদি আপনারা পুনরায় পারমাণবিক কার্যক্রম শুরু করেন, তবে কয়েক বছর পর আবারও আমরা হামলা চালাব।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, এই অভিযানের পর ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের হাতে একাধিক বিকল্প ব্যবস্থা খোলা রয়েছে।
গত কয়েক দিন ধরে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় দফায় দফায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল