ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় এতথ্য জানান তিনি।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর দুই দেশ এ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা থেকে এ সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হবে।
কূটনৈতিক অগ্রগতির প্রেক্ষাপট তুলে ধরে ট্রাম্প জানান, মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটনে দীর্ঘ ৩৪ বছর পর দেশ দুটি প্রথমবারের মতো বৈঠকে মিলিত হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যস্থতায় এ ঐতিহাসিক আলোচনা অনুষ্ঠিত হয়। এ প্রক্রিয়াকে একটি স্থায়ী শান্তিতে রূপান্তর করতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে ইসরায়েল ও লেবাননের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
নিজের সাফল্যের কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, ইতোপূর্বে তিনি বিশ্বজুড়ে ৯টি যুদ্ধ অবসানে ভূমিকা রেখেছেন এবং এ উদ্যোগটি হতে যাচ্ছে তার দশম সাফল্য। মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করে একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি অর্জনে তিনি অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেছেন।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি