আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সমঝোতা চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা চুক্তি’ থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। মূলত গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা মার্কিন হামলার জবাব দিতে এবং হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতেই ইরান সরকার এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

উপ-পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে সুস্পষ্টভাবে জানিয়েছেন, হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম অধিকার যেকোনো মূল্যে রক্ষা করতে বদ্ধপরিকর তেহরান। এটিকে সরাসরি ইরানের জাতীয় নিরাপত্তার ইস্যু হিসেবে উল্লেখ করে তিনি জানান, যুক্তরাষ্ট্রকে আর কখনোই কোনো বিষয়ে আলোচনার জন্য অনুরোধ করবে না তার দেশ।

 

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ টানা ৪০ দিন চলার পর গত ৭ এপ্রিল উভয় পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে ১৪টি শর্ত সম্বলিত সংক্ষিপ্ত ‘ইসলামাবাদ সমঝোতা চুক্তি’ বা এমওইউ স্বাক্ষরিত হয়। এই চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল-আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা বন্ধের বিনিময়ে দেশটির তেল রপ্তানির ওপর জারি করা নিষেধাজ্ঞা ও বন্দরগুলোর অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র।

 

তবে গত ৫ জুলাই চুক্তির শর্ত ভঙ্গ করে হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি ট্যাংকারে ড্রোন হামলা চালায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি। এর জবাবে ৭ জুলাই থেকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)।

 

এই নতুন দফার সংঘাতের মাঝেই গত সোমবার (১৩ জুলাই) ইরানের বন্দরগুলোতে পুনরায় অবরোধ জারির নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিনে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি ঘোষণা দেন, এখন থেকে হরমুজ প্রণালির ‘অভিভাবক’ যুক্তরাষ্ট্র। এই জলপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন বাহিনী নিরাপত্তা দেবে এবং এর বিনিময়ে প্রণালিতে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে ওয়াশিংটনকে ২০ শতাংশ হারে টোল প্রদান করতে হবে। মূলত এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই ইরান চুক্তি থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিল।

 

সূত্র: পাকিস্তান টুডে

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন