ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
রবিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই তাঁকে এই ছুটিতে পাঠানো হয়েছে।
ব্যাংকিং খাতে প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংকের এমডিকে অপসারণ বা পরিবর্তনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ সাধারণত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চেয়ে থাকে। তবে এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশেই তাঁকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে তিনি ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
ডিবিসি/আরএসএল