ইয়েমেনে নতুন করে শুরু হওয়া তীব্র লড়াইয়ে এ পর্যন্ত তিন শতাধিক যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষ মূলত পশ্চিম তাইজ এবং দক্ষিণ হোদাইদাহ অঞ্চলে ঘনীভূত হয়েছে। সেখানে হুথি বিদ্রোহীরা লোহিত সাগর উপকূল এবং কৌশলগত বাব আল-মানদেব প্রণালীর নিকটবর্তী সরকার-নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে অগ্রসর হতে বড় ধরনের আক্রমণ চালিয়েছে।
সামরিক ও চিকিৎসা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার বিকেল থেকে রোববার ভোরের মধ্যে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় ৮৪ জন সরকারি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, একই সময়ে প্রাণ হারিয়েছেন ৫৭ জন হুথি যোদ্ধাও। এই রক্তক্ষয়ী সংঘাতের কারণে ওই অঞ্চলে মারাত্মক মানবিক সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের মানবিক সংস্থা ওচা জানিয়েছে, তাইজের মাকবানাহ ও জাবাল হাবাশি জেলায় ভারী গোলাবর্ষণ ও লড়াইয়ের কারণে প্রাণ বাঁচাতে প্রায় ১ হাজার ৭৯০টি পরিবার তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেছে।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/পিআরএএন