আন্তর্জাতিক, আরব

ইয়েমেনে নতুন করে হুতি-সরকারি বাহিনীর সংঘর্ষ, নিহত ৮১

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ৮১ জন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামরিক ও চিকিৎসা সূত্র জানিয়েছে, লোহিত সাগরের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিসংলগ্ন এলাকা নিয়ন্ত্রণে নিতে হুতিরা অগ্রসর হচ্ছে।

বৃহস্পতিবার উপকূলীয় এলাকায় হুতিরা স্থল অভিযান শুরু করার পাশাপাশি রকেট ও ড্রোন হামলা চালালে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তাদের লক্ষ্য লোহিত সাগরের দক্ষিণ প্রবেশমুখের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি সরকারি নিয়ন্ত্রিত এলাকায় অবস্থান শক্তিশালী করা।


সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতিরা লোহিত সাগরে সৌদি জাহাজে একাধিক হামলা চালিয়েছে। ইরান হরমুজ প্রণালি অবরোধ করে উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহন প্রায় বন্ধ করে দেওয়ার পর লোহিত সাগরের এই পথের গুরুত্ব আরও বেড়েছে।


সামরিক সূত্র জানায়, হুতিদের বর্তমান অভিযানের লক্ষ্য সরকারনিয়ন্ত্রিত বন্দরনগরী মোখাকে বিচ্ছিন্ন করা এবং বাব আল-মান্দেবসংলগ্ন এলাকার দিকে অগ্রসর হওয়া। বিদ্রোহীরা লোহিত সাগরের কাছে সরকারি অবস্থান, উপকূলীয় খোখা শহর এবং ভেতরের দিকে তাইজ নগরীর আশপাশে কয়েকটি উঁচু স্থান দখল করেছে। এসব অবস্থান থেকে জাহাজে হামলা চালানো সম্ভব বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।


উপকূলীয় এলাকায় সরকারি বাহিনীর ২৪ সদস্য এবং তাইজ এলাকায় আরও ১৫ জন নিহত হয়েছেন। হুতি নিয়ন্ত্রিত এলাকার চিকিৎসা সূত্র জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৪২ হুতি যোদ্ধাও নিহত হয়েছেন।


সরকার তাইজে এডেন থেকে অতিরিক্ত সেনা পাঠিয়েছে। হুতিরা বাব আল-মান্দেব ও মোখার ওপর নজর রাখা পাহাড়ি এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। যদিও প্রণালির তীরবর্তী এলাকা তাদের নিয়ন্ত্রণে নেই, মোখার উত্তরে গুরুত্বপূর্ণ হোদেইদা বন্দর তাদের দখলে রয়েছে।


সূত্র: ডন


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন