আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দেশের প্রতিটি ফেরি ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
ঘাটগুলোতে কোনো ধরনের অসঙ্গতি বা অব্যবস্থাপনা রয়েছে কি না, তা পর্যবেক্ষণে নিয়মিত পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ঘাট এলাকায় অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। পাশাপাশি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে।
ঈদযাত্রায় নদীপথ ব্যবহারকারী যাত্রীদের উদ্দেশে তিনি সরকারি নির্দেশনা ও নিরাপত্তা বিধি মেনে নিরাপদে ঘাট পারাপারের আহ্বান জানান।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিসি/এসএফএল