আসন্ন ঈদুল ফিতরে নৌপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও সহজ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি।
একইসঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, এবারের ঈদযাত্রায় কোনো ধরনের ভাড়া বৃদ্ধি করা হবে না। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিতকরণার্থে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, নৌপথে এবারের ঈদযাত্রা নিরাপদ করতে ২৬টির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও আরামদায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিবহন খাতে চাঁদাবাজি প্রসঙ্গে শেখ রবিউল আলম রবি বলেন, চাঁদা ও চাঁদাবাজি এক বিষয় নয়। চাঁদাবাজি একটি অপরাধ এবং এটি দমনের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। সড়কে বা নৌপথে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ নেই। তবে শ্রমিক ও মালিকদের সমঝোতার মাধ্যমে সংগৃহীত অর্থকে চাঁদাবাজি হিসেবে গণ্য করতে নারাজ তিনি। মন্ত্রীর মতে, এই অর্থ শ্রমিক কল্যাণে ব্যয় করা হয়।
প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দপ্তর বণ্টনের পুরো প্রক্রিয়াটি নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কিছু করিনি, ক্যাবিনেট ডিভিশনের নির্দেশনা অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হয়েছে।
ঈদুল ফিতরের যাতায়াতে নতুনত্ব ও সফল ব্যবস্থাপনা নিশ্চিত করতে মন্ত্রণালয় সচেষ্ট থাকবে বলে সভায় উল্লেখ করা হয়।
ডিবিসি/এসএফএল