আন্তর্জাতিক

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাবের কারিগরি প্রতিবেদন অনুযায়ী, জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ১৮ মে (সোমবার) জিলহজ মাস শুরু হতে পারে। সেই হিসেবে পবিত্র আরাফাত দিবস হবে ২৬ মে (মঙ্গলবার) এবং এর পরের দিন ২৭ মে পালিত হবে ঈদুল আজহা।

 

শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাবের পরিচালক অধ্যাপক হামিদ এম.কে. আল নাইমি নিশ্চিত করেছেন যে, তাঁদের বৈজ্ঞানিক গবেষণার এই ফলাফল ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাত ফতোয়া কাউন্সিলের কাছে পাঠানো হয়েছে। এই বৈজ্ঞানিক তথ্য মূলত চাঁদ দেখার বিষয়টি আরও নির্ভুল করতে এবং ধর্মীয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী ১৭ মে (রবিবার) স্থানীয় সময় দুপুর ১২টা ১৭ মিনিটে চন্দ্র সংযোগ বা 'লুনার কনজাংশন' ঘটবে। ওইদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট এবং দিগন্তের উপরে এটি প্রায় ৫৭ মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকবে। অনুকূল আবহাওয়ায় খালি চোখেই এই চাঁদ দেখা সম্ভব হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

তবে মহাকাশ গবেষণা কেন্দ্রটি স্পষ্ট করেছে যে, এই তথ্যগুলো সম্পূর্ণ বৈজ্ঞানিক ও জ্যোতির্বিজ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি। হিজরি মাস শুরু বা ধর্মীয় উৎসবের চূড়ান্ত ঘোষণা কেবল দেশটির সংশ্লিষ্ট সরকারি ও ধর্মীয় কর্তৃপক্ষই প্রদান করবে।

 

সূত্র: গালফ নিউজ

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন