শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও তাদের পাশে থাকার সরকার। শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শ্রমমন্ত্রী বলেন, "আপনারা দেখেছেন এবারের ঈদুল ফিতরের আগে সরকারি নির্দেশনায় শ্রমিকদের বেতন-বোনাস ও ছুটি যথাসময়ে নিশ্চিত করা হয়েছে। এই ইতিবাচক ধারা বজায় রাখতে আমরা আসন্ন ঈদুল আযহাতেও আগেভাগেই প্রস্তুতি নিচ্ছি। আমাদের লক্ষ্য হলো, ঈদ উদযাপনে কোনো শ্রমিক যেন ভোগান্তিতে না পড়েন এবং সবাই যেন সময়মতো তাদের প্রাপ্য বেতন ও বোনাস বুঝে পান।
দেশের উন্নয়ন কর্মকাণ্ডে শ্রমিকদের অবিস্মরণীয় অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, শ্রমজীবী মানুষরাই দেশের অর্থনীতির প্রকৃত নায়ক। সুস্থ ও কর্মঠ শ্রমিকই উন্নত জাতি গঠনের মূল চালিকাশক্তি। এই উপলব্ধি থেকেই এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- 'সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত'। কারণ, একজন শ্রমিক শারীরিকভাবে সুস্থ না থাকলে তিনি পূর্ণ দক্ষতায় কাজ করতে পারেন না। আর শ্রমিকের হাত থেমে যাওয়ার অর্থ হলো দেশের উন্নয়নের চাকা থমকে যাওয়া।
মন্ত্রী সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
ডিবিসি/এসএফএল