আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশজুড়ে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ শুরু করেছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট মডেলের ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে একজন ক্রেতা আবারও মিলিওনেয়ার হওয়ার অর্থাৎ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাচ্ছেন।
গত বুধবার (৮ এপ্রিল) ২০২৬ রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন সিজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সিজন-২৪ এর ঘোষণা দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। তিনি জানান, প্রতিবারের মতো এবারও ঈদ উৎসবে ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে এই ক্যাম্পেইন চালু করা হয়েছে।
এর আগের সিজনগুলোতে ওয়ালটন পণ্য কিনে মোট ৪৪ জন ক্রেতা মিলিওনেয়ার হয়েছেন, যা গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এবারের সিজনে মিলিওনেয়ার হওয়ার সুযোগের পাশাপাশি ক্রেতাদের জন্য রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যান জার্সিসহ অসংখ্য নিশ্চিত উপহার।
৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই অফারটি ঈদুল আযহা পর্যন্ত কার্যকর থাকবে। গ্রাহকরা দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইন প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে পণ্য কিনে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। পণ্য কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের বারকোড অন্তর্ভুক্ত করা হচ্ছে। এরপর কম্পিউটারাইজড সিস্টেমের মাধ্যমে ফিরতি এসএমএসে ক্রেতাকে তার প্রাপ্ত পুরস্কারের বিষয়টি জানিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ।
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, বিক্রয়োত্তর সেবা ডিজিটাল অটোমেশনের আওতায় আনতে তারা ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে। এই প্রক্রিয়ায় গ্রাহকের তথ্য সার্ভারে সংরক্ষিত থাকায় ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দ্রুত সার্ভিস সেন্টার থেকে সেবা পাওয়া নিশ্চিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম, ‘ফেস অফ ওয়ালটন এসি’ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সংশ্লিষ্টরা আশা করছেন, পূর্ববর্তী সিজনগুলোর মতো এই সিজনও গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল হবে।
ডিবিসি/টিবিএ