আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে বিশেষ দূরপাল্লার বাস সেবার উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। এই উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে দেশের চারটি গুরুত্বপূর্ণ জেলায় সরাসরি বাস চলাচল করবে।
শুক্রবার (৬ মার্চ) জাকসুর পরিবহন ও যাতায়াত সম্পাদক তানভীর রহমান এই বিশেষ বাস সেবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১১ মার্চ ২০২৬, বুধবার সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে বাসগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যাতায়াতের জন্য বিআরটিসি (BRTC) ডাবল ডেকার বাসের ব্যবস্থা করা হয়েছে, যার প্রতিটিতে ৭৫টি করে আসন রয়েছে। নির্ধারিত ভাড়া পরিশোধ সাপেক্ষে এবং প্রতিটি বাসের আসন পূর্ণ হওয়া সাপেক্ষে বাসগুলো ক্যাম্পাস ত্যাগ করবে।
আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৮ মার্চ ২০২৬, রবিবার পর্যন্ত আসন সংরক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নির্ধারিত ভাড়া পরিশোধ করে শিক্ষার্থীদের নিজ নিজ সিট নিশ্চিত করতে হবে।
রুট পরিকল্পনার বিষয়ে জানা গেছে, ক্যাম্পাস থেকে রংপুর ও বগুড়াগামী বাসগুলো যমুনা সেতু ও সিরাজগঞ্জ হয়ে যাতায়াত করবে। অন্যদিকে খুলনাগামী বাসটি পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, মুকসুদপুর, ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ ও বাগেরহাট হয়ে গন্তব্যে পৌঁছাবে। এছাড়া বরিশালগামী বাসটি পদ্মা সেতু হয়ে ভাঙ্গা ও মাদারিপুর জেলা অতিক্রম করে বরিশালে যাবে। ঈদে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে জাকসুর এই সময়োপযোগী উদ্যোগ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
ডিবিসি/টিবিএ