দেশের প্রকৃত হতদরিদ্র পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনতে অগ্রাধিকার ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। পবিত্র ঈদুল ফিতরের আগেই এই কার্যক্রমের সুফল যেন সাধারণ মানুষ পায়, সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে তিনি জানিয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলায় চার দিনের সফরে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
হতদরিদ্রদের সহায়তা প্রদান প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রকৃত দরিদ্রদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি যোগ্য পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যাতে সরকারি সহায়তা সরাসরি তাদের হাতে পৌঁছায়। এছাড়া কৃষিখাতে আমূল পরিবর্তনের আভাস দিয়ে তিনি বলেন, বর্তমান শুকনো মৌসুমকে কাজে লাগিয়ে দেশব্যাপী খাল খননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে সরকারের তিনটি মন্ত্রণালয় যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় স্থানগুলো চিহ্নিত করছে।
রমজানে জনভোগান্তি কমাতে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি সেচ কাজ ও রোজাদারদের স্বস্তির কথা মাথায় রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতার ওপর জোর দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। ত্রাণ নিয়ে দুর্নীতি করলে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কোনো অন্যায়কারী, এমনকি দলীয় নেতাকর্মীদেরও কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
অন্যদিকে, উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী। তিনি জানান, পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমানে প্রকল্পটি কোন পর্যায়ে আছে তা পর্যালোচনা করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব এর কাজ শুরু করার চেষ্টা চলছে।
ডিবিসি/আরএসএল