বাংলাদেশ

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলে যেসব পরিবর্তন থাকবে

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সরকারি ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)।

আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকলেও সরকারি ছুটির বাকি ছয় দিন তা স্বাভাবিক নিয়মে চালু থাকবে।

 

নতুন সময়সূচি অনুযায়ী, ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে সকাল ৭টা ১৫ মিনিটে প্রথম ট্রেন ছেড়ে যাবে। অন্যদিকে, উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেনটি রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে। এই সময়ে ট্রেনগুলো ১২ থেকে ১৫ মিনিট বিরতিতে চলাচল করবে। তবে যাত্রীদের চাপের ওপর ভিত্তি করে ট্রিপের সংখ্যা কমানো বা বাড়ানো হতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

 

টিকিট কেনা ও রিচার্জের ক্ষেত্রেও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। সরকারি ছুটির দিনগুলোতে সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত একক যাত্রার টিকিট কেনা এবং এমআরটি বা র‍্যাপিড পাসে টাকা রিচার্জ করা যাবে। 

 

তবে ঈদের পরদিন ২৯ মে শুক্রবার টিকিট বিক্রির ক্ষেত্রে ভিন্ন সূচি অনুসরণ করা হবে। এদিন উত্তরা উত্তর স্টেশনে বেলা ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশনে বেলা ৩টা ৫ মিনিট থেকে একক যাত্রার টিকিট ও র‍্যাপিড পাস কেনা যাবে। ছুটির এই পুরো সময়ে রাত ৯টা ২০ মিনিটের পর সব স্টেশনেই টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ থাকবে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন