পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। একইসঙ্গে দেশের সব তফসিলি ব্যাংকের লেনদেন ও অফিস সময় আগের নিয়মিত সূচিতে ফিরেছে।
স্বাভাবিক সময়সূচি অনুযায়ী, আজ থেকে ব্যাংকগুলোতে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংকের কর্মীদের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিকেল ৪টায় গ্রাহক লেনদেন শেষ হওয়ার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকের অন্যান্য আনুষঙ্গিক দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে।
উল্লেখ্য, পবিত্র রমজান মাস চলাকালে দেশের সব ব্যাংকের জন্য বিশেষ অফিস ও লেনদেন সময়সূচি নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। রমজান মাসে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকলেও গ্রাহকরা লেনদেন করার সুযোগ পেতেন দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি ছিল। তবে বিরতির ওই সময়েও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
ডিবিসি/পিআরএএন