দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে টানা সাত দিনের সরকারি ছুটি চলছে। এই ছুটির মধ্যে মেট্রোরেল চলাচলের সময়সূচি জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন থেকে আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি মেট্রোরেল চলাচল করবে।
এদিকে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের প্রতিটি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। মুসল্লিরা প্রয়োজনীয় শৃঙ্খলা মেনে আনন্দের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। গত বুধবার সেখানে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার ৩০ রোজা পূর্ণ হয় এবং শুক্রবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিবিসি/পিআরএএন