পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ এখনও পুরোপুরি কাটেনি। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে অনেকেই এখনও কর্মস্থলে ফেরেননি। তবে এর মাঝেই রাষ্ট্রীয় দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঈদের ছুটি শেষ হতেই অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) প্রথম কর্মদিবসেই টানা প্রায় ১১ ঘণ্টা অফিস করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে নিজ দপ্তরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর টানা ব্যস্ততা শেষে সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তিনি অফিস ত্যাগ করেন।
জানা যায়, প্রথম কার্যদিবসে অফিসে এসেই প্রধানমন্ত্রী একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। দুপুরে প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। পরে ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আরেকটি জরুরি সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন আরও জানান, বিকেলে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন দাপ্তরিক ফাইল পর্যালোচনা এবং প্রশাসনিক কাজ- সব মিলিয়ে দিনটি ছিল পুরোপুরি কর্মব্যস্ত।
প্রধানমন্ত্রীর এই দীর্ঘ কর্মঘণ্টা সম্পর্কে তিনি বলেন, ‘সকাল থেকে রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন এই কর্মযজ্ঞ শুধু একটি দিনের বিবরণ নয়, এটি দেশের প্রতি একজন দেশনায়কের অঙ্গীকারের বার্তা বহন করে। দায়িত্বের কাছে ব্যক্তিগত অবকাশও যে ম্লান, ঈদের পরের এই দিনটি তারই প্রমাণ। এটি কেবল কর্মসূচির তালিকা নয়, বরং রাষ্ট্রের প্রতি অঙ্গীকারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’
ডিবিসি/ এসএফএল