আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের নৌপথের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রী বা মালপত্র বহন এবং ছাদে যাত্রী ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিআইডব্লিউটিএ নির্ধারিত ভাড়ার তালিকা সব নদীবন্দর, টার্মিনাল ও নৌযানে দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো নৌযান এই নিয়ম লঙ্ঘন করলে বা অতিরিক্ত যাত্রী পরিবহন করলে তাৎক্ষণিকভাবে রুট পারমিট ও লাইসেন্স বাতিলসহ মালিক ও চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই তদারকি কার্যক্রম সফল করতে ফেরিঘাট, লঞ্চঘাট ও স্পিডবোট ঘাটে সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।
নৌ-দুর্ঘটনা রোধে বিশেষ ব্যবস্থা হিসেবে আগামী ১৬ থেকে ২৫ মার্চ পর্যন্ত দিন-রাত ২৪ ঘণ্টা বালুবাহী বাল্কহেড ও ডিঙি নৌকা চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে রাতে স্পিডবোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং দিনের বেলা স্পিডবোটের যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। পণ্য পরিবহনের ক্ষেত্রে ১৭ থেকে ২৪ মার্চ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও পচনশীল দ্রব্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখা হবে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ১৫ রমজান থেকে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত প্রতিটি লঞ্চে অন্তত চারজন আনসার সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি জেলা পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত ভিজিল্যান্স টিম প্রতিটি ঘাটে শৃঙ্খলা বজায় রাখবে। ঢাকার সদরঘাট এলাকার যানজট নিরসনে জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া গার্মেন্ট শ্রমিকদের ছুটি পর্যায়ক্রমে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে যাতে টার্মিনালগুলোতে একযোগে অতিরিক্ত যাত্রীর চাপ সৃষ্টি না হয়। ফিটনেসহীন নৌযান চলাচল নিষিদ্ধ করার পাশাপাশি নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি রোধে রাতে টহল জোরদার করার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।
ডিবিসি/টিবিএ