ঈদে ঘরমুখী পোশাক শ্রমিকদের যাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় পর্যন্ত ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনের ভিআইপি বিশ্রামাগারে এক সাংবাদ সম্মেলনে রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান ওই তথ্য জানিয়েছেন।
সফিকুর রহমান জানান, আমরা জানি জয়দেবপুর থেকে উত্তরবঙ্গগামী লোকের চাপ থাকে। এজন্য ঈদের আগে ১৮ এপ্রিল হতে ২০ এপ্রিল পর্যন্ত এবং ঈদের পর ২৪ ও ২৫ এপ্রিল পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নামের ঈদ স্পেশাল ট্রেন জয়দেবপুর-পঞ্চগড় রুটে চলাচল করবে। ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা সোয়া ৭টায় জয়দেবপুর স্টেশন ছেড়ে যাবে এবং পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পৌঁছাবে পরের দিন ভোর ৫টা ২৫মিনিটে।
ফেরার পথে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে সকাল ৬টা ২৫মিনিটে ছেড়ে জয়দেবপর জংশনে পৌঁছাবে বিকেল ৩টা ৪৫মিনিটে। ট্রেনটি কিসমত, ঠাকুরগাঁও রোড, দিনাজপুর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুর হাট এবং শান্তাহার স্টেশনে যাত্রা বিরতি করবে।
ঈদের আগে ৭ এপ্রিল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং টিকিটগুলো শতভাগ অনলাইনের মাধ্যমে ক্রয় করতে হবে। একজন যাত্রী জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বোচ্চ ৪টি টিকেট ক্রয় করতে হবে। যার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকেট ক্রয় করা হবে তাকে অবশ্যই ট্রেনে থাকতে হবে।
টিকিটগুলো প্রতিদিন সকাল ৮টা থেকে ক্রয় করা যাবে। এজন্য অবশ্যই আগে থেকে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এ ক্রার্যক্রম ১লা মার্চ থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৫লাখ যাত্রী অনলাইনে ঈদের টিকিটের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। ট্রেনে ২৫ শতাংশ যাত্রী টিকেট কেটে দাঁড়িয়ে গন্তব্যে যেতে পারবেন। এ টিকিট যাত্রার দিনেই স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন রেলওয়ের ঢাকা বিভাগের সহকারি বানিজ্যিক কর্মকর্তা মো. কবীর উদ্দীন, নিরাপত্তাবাহিনীর কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহ, সহকারি পরিবহণ কর্মকর্তা মো. আমিনুল হক এবং ট্রাফিক ইন্সপেক্টর মো. শাহজাহান পাটোয়ারী উপস্থিত ছিলেন।
ডিবিসি/কেএমএল