পবিত্র ঈদুল আজহার দিনটিকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং সেনা সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে তিনি ঢাকা সেনানিবাসে যান। বৃহস্পতিবার (২৮ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, সকাল সাড়ে সাতটায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই জামাতে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা ছিল, যার মধ্যে সাড়ে তিন হাজার নারী মুসল্লির জন্য ছিল আলাদা ব্যবস্থা। এছাড়া অজু ও চিকিৎসা সুবিধাসহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয় সেখানে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেকের ইমামতিতে এই প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শামিল হয়ে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই রাকাত নামাজ শেষে খুতবা পাঠ এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
ঈদের নামাজ সম্পন্ন করার পর প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে যান। সেখানে তিনি বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাতে অংশ নেন এবং পরে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর তিনি বনানী সামরিক কবরস্থানে যান। সেখানে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। সবশেষে সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও আনন্দ ভাগাভাগি করতে ঢাকা সেনানিবাসে যান প্রধানমন্ত্রী।
ডিবিসি/এফএইচআর